আসন্ন পবিত্র ঈদুল আজহায় কোরবানির পশুর চামড়ার মূল্য নির্ধারণ করে দিয়েছে সরকার। গত বছরের তুলনায় এবছর প্রতি বর্গফুট চামড়ার দাম ৩ টাকা বাড়ানো হয়েছে। এ বছর ঢাকায় প্রতি বর্গফুট লবণযুক্ত গরুর চামড়ার দাম ৫০ থেকে ৫৫ টাকা এবং ঢাকার বাইরে ৪৫-৪৮ টাকা নির্ধারণ করা হয়েছে। খাসি ও বকরীর দাম গতবারের মতোই প্রতি বর্গফুট পর্যায়ক্রমে ১৮-২০ এবং ১২-১৪ টাকা।
রবিবার (২৫ জুন) বাণিজ্য মন্ত্রণালয়ে ট্যানারি মালিক, ট্যারিফ কমিশনসহ সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। এসময় বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
গতবছর রাজধানীতে প্রতি বর্গফুট গরুর লবণযুক্ত কাঁচা চামড়ার দাম ৪৭ থেকে ৫২ টাকা এবং ঢাকার বাইরে ৪০ থেকে ৪৪ টাকা নির্ধারণ করে হয়েছিল। আর খাসির লবণযুক্ত চামড়ার দাম প্রতি বর্গফুট ১৮ থেকে ২০ টাকা এবং বকরির চামড়া ১২ থেকে ১৪ টাকা নির্ধারণ করা হয়েছিল।
আরও পড়ুন- মহিলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক বহিস্কার
বাণিজ্যমন্ত্রী জানান, লবণযুক্ত গরুর চামড়ার দাম ঢাকায় গত বছরের চেয়ে ৩ টাকা, ঢাকার বাইরে ৫ টাকা বাড়ানো হয়েছে। আর খাসি ও বকরির চামড়ার দাম গতবারের মতোই রাখা হয়েছে।
তিনি জানান, ঢাকায় প্রতি বর্গফুট গরুর লবণযুক্ত কাঁচা চামড়ার দাম ৫০ থেকে ৫৫ টাকা এবং ঢাকার বাইরে ৪৫ থেকে ৪৮ টাকা নির্ধারণ করা হয়েছে। আর খাসির লবণযুক্ত চামড়ার দাম ১৮ থেকে ২০ টাকা এবং বকরির চামড়া ১২ থেকে ১৪ টাকা নির্ধারণ করা হয়েছে।
বাণিজ্যমন্ত্রী বলেন, গত বছর ভাল ফল পেয়েছিলাম। এবার সমস্যা হলো তীব্র গরম। তাই সিদ্ধান্ত হাটের কাছেই যেন লবণ পাওয়া যায়।
তিনি বলেন, অসাধু ব্যবসায়ীদের কারসাজি বন্ধ করে লবণের দাম নিয়ন্ত্রণে রাখতে মজুতবিরোধী অভিযান চালানো হবে। তবে এবারও যদি চামড়ার দাম কারসাজির মাধ্যমে কমানো হয়, তাহলে কাঁচা চামড়া রফতানির অনুমোদন দেয়া হবে।



