লক্ষ্মীপুরে অবৈধভাবে ধরিত্রী ফিলিং স্টেশন থেকে তেল বিক্রির সংবাদ পেয়ে ভিডিও ফুটেজ ধারণ করতে গেলে সময় টেলিভিশনের ক্যামেরাপার্সন আহাদুল ইসলাম আকাশকে বেদম মারধর করা হয়েছে। ভাঙচুর করা হয়েছে তার ক্যামেরা ও সময় টিভির বুম। বর্তমানে তিনি জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বৃহস্পতিবার (২৬ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে শহরের বিসিক শিল্পনগরী এলাকায় অবস্থিত ধরিত্রী ফিলিং স্টেশনে তেল না পাওয়ায় জনসাধারণ ক্ষুব্ধ হয়ে পাম্পের লোকজনের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন।
এমন খবর পেয়ে সময় টিভির ক্যামেরাপার্সন আকাশ ঘটনাস্থলে গিয়ে ভিডিও ফুটেজ ধারণ করতে গেলে পাম্পের কর্মচারীরা তাকে এলোপাতাড়ি মারধর করে। এ সময় তার ক্যামেরা ও সময় টিভির বুম ভাঙচুর করা হয়।
আহত আকাশ পৌর শহরের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
একাধিক মোটরসাইকেল আরোহী ক্ষোভ প্রকাশ করে জানান, ধরিত্রী পাম্পের কর্মচারীরা তাদের পছন্দের ব্যক্তিদের কাছ থেকে অতিরিক্ত টাকা নিয়ে মোটরসাইকেলের ট্যাংক ভর্তি তেল দিচ্ছেন। এ নিয়ে অন্য মোটরসাইকেল আরোহীরা প্রতিবাদ করলে কথা কাটাকাটি হয়। এর মধ্যে কেউ একজন সময় টেলিভিশনের ক্যামেরাপার্সন আকাশকে বিষয়টি জানান। পরে আকাশ ঘটনাস্থলে গিয়ে ভিডিও ধারণ করলে পাম্পের লোকজন তার ওপর হামলা চালায়।
ভুক্তভোগী আকাশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গণমাধ্যমকর্মীদের জানান, তেলের সংকট শুরুর পর থেকেই ধরিত্রী পাম্পের কর্মচারীরা অবৈধভাবে তেল বিক্রি করে আসছেন। মানুষ ঘণ্টার পর ঘণ্টা মোটরসাইকেলের তেলের জন্য অপেক্ষা করছেন। রাত ৯টার দিকে এক ব্যক্তি তাকে অবৈধভাবে তেল বিক্রির বিষয়টি জানান। এরপর তিনি সময় টিভির প্রতিনিধি টিপু ভাইকে বিষয়টি অবহিত করে পাম্পে ভিডিও করতে গেলে পাম্পের লোকজন তার ওপর হামলা চালায়। জোরপূর্বক তার ক্যামেরা ও বুম কেড়ে নিয়ে ভাঙচুর করা হয়। তিনি এ ঘটনার সুষ্ঠু বিচারের দাবি জানান।
লক্ষ্মীপুর জেলা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মো. জহিরুল ইসলাম রনি জানান, আহত আকাশকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
লক্ষ্মীপুর সদর মডেল থানার (ওসি তদন্ত) ঝলক মহন্ত রাত ১২টার দিকে হাসপাতালে গিয়ে আহত আকাশকে দেখেন এবং হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন উপস্থিত গণমাধ্যমকর্মীদের।




