ঢাকা মহানগর উত্তর জামায়াতের সেক্রেটারি ড. মোহাম্মদ রেজাউল করিম অভিযোগ করেছেন, ইলেকশন ইঞ্জিনিয়ারিং, পেশিশক্তি ও কালো টাকার ব্যবহারের মাধ্যমে এবং বিদেশি শক্তির সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে বর্তমান সরকার ক্ষমতায় এসেছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) লক্ষ্মীপুর টাউন হল মিলনায়তনে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে লক্ষ্মীপুর শহর জামায়াত।
তিনি বলেন, “নির্বাচনে মানুষ স্বাধীনভাবে ভোট দিলেও ফলাফল প্রকাশ হয়েছে ভিন্নভাবে। এতে দেশের মানুষ আশাহত হয়েছে।” তিনি আরও বলেন, “যারা ক্ষমতায় এসেছেন, তাদের মধ্যেও স্বস্তি নেই। কারণ অন্যের কাছে প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসা যায়, কিন্তু স্বস্তিতে থাকা যায় না—আজ সেটিই প্রমাণিত হচ্ছে।”
ড. রেজাউল করিম বলেন, “দেশের মানুষ প্রশ্ন করছে—এই নির্বাচন আমরা কেন মেনে নিলাম? আমরা ভেবেছিলাম ২০২৪ সালের অভ্যুত্থানের মাধ্যমে অন্তত একটি গ্রহণযোগ্য নির্বাচনের পথ তৈরি হবে। সেই আন্দোলন ছিল দীর্ঘদিনের অধিকার আদায় ও বৈষম্যের বিরুদ্ধে ছাত্র-জনতার দুর্বার সংগ্রাম।”
তিনি অভিযোগ করে বলেন, “বর্তমান ক্ষমতাসীনরা সেই আন্দোলনের চেতনা ধারণ করতে ব্যর্থ হয়েছে। শহীদদের যথাযথ মর্যাদা দিতেও তারা অনাগ্রহী। বরং আন্দোলনের স্মৃতি আড়াল করতে বিভিন্ন কৌশল নেওয়া হচ্ছে।”
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “২৪-এর আন্দোলনকে ভুলে গিয়ে টিকে থাকার চেষ্টা করলে এবং জনগণের রায়কে অবজ্ঞা করলে, তা শহীদদের রক্তের সঙ্গে বেঈমানি হবে।”
লক্ষ্মীপুর পৌর জামায়াতের আমির অ্যাডভোকেট আবুল ফারহা নিশানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট নজির আহম্মেদ, জেলা সেক্রেটারি এ আর হাফিজ উল্যাহ, সহ-সেক্রেটারি মাওলানা নাসির উদ্দিন মাহমুদ, সহ-সেক্রেটারি অ্যাডভোকেট মহসিন কবির মুরাদসহ দলের অন্যান্য নেতাকর্মীরা।




